Tuesday, February 17, 2026

টুকরো-টুকরো উচ্চাকাঙ্ক্ষা | দেবাশিস দাশ | উত্তর শিলালিপি

উচ্চাকাঙ্ক্ষা 

                  বসে আছে আনমনে 

                  পাহাড়তলির জনশূন্য মাঠে

একা স্কুলবাড়ির মেজাজে।


২.

উচ্চাকাঙ্ক্ষা 

                  ঝোরা সেজে শুয়ে আছে 

                  নুড়ি আর বালির জীবনে।

তার ডান হাতে 

তুলে-ধরা বসন্ত পতাকা।


৩. 

উচ্চাকাঙ্ক্ষা একা 

চালসা স্টেশনের কাছে-পিঠে

বানজারাদের তাঁবু ঘিরে

শুধু বেঁচে-থাকার উৎসবে মিশে থাকে

আর সবকিছু তুচ্ছ, হেসে-খেলে বাঁচাই জীবন!


৪.

অরুণাভ নদীর তিরতিরে ঠান্ডা স্রোত

পার করে ছড়ি হাতে রাখাল দেবতা।

এক মুহূর্তের চিত্রপটে 

সে একাই 

উচ্চাকাঙ্ক্ষা উজান জাতির।


৫.

যে-মেয়েটি সাইকেলের চাকাস্রোতে মিশে গেল 

চা-বাগান চিরে আঁকা সরল পথের ধুলোগানে,

সেই কি উচ্চাকাঙ্ক্ষার জন্মদাত্রী দেবী নয়?

তার অহংকারী ঠোঁটে অগোচরে থমকে আছে পৃথিবীর জয়-পরাজয়।

No comments:

Post a Comment